চাঁদপুরে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
‘পরিষ্কার হাত, নিরাপদ জীবন’ এবং ‘সংক্রমণ রোধে নিয়মিত হাত ধোয়া একটি শক্তিশালী অভ্যাস’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। দিবসটি উপলক্ষে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লীন চাঁদপুর’-এর আয়োজনে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে হাত ধোয়া ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান এবং সচেতনতামূলক শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের সুস্থ রাখতে খাবার খাওয়ার আগে ও পরে এবং টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে বিভিন্ন রোগ-জীবাণুর সংক্রমণ থেকে সুরক্ষিত থাকা সম্ভব। পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার মাধ্যমে পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, পরিচ্ছন্নতা সম্পর্কে শিশুদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন চাঁদপুর গড়ে তোলা সম্ভব।
এদিকে দিবসটি উপলক্ষে চাঁদপুর স্টেডিয়ামে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে ‘ক্লীন চাঁদপুর’। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতাবিষয়ক বিভিন্ন চিত্র অঙ্কনের মাধ্যমে তাদের ভাবনা তুলে ধরে।
অনুষ্ঠানে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লীন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
The full article is being collected. Available text is shown for now.