শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে পীরগঞ্জে ইনকিলাব মঞ্চের পথসভা
শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। এর অংশ হিসেবে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে রংপুরের পীরগঞ্জে পথসভা করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ডে এ পথসভা অনুষ্ঠিত হয়।
এর আগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রংপুর থেকে পীরগঞ্জের উদ্দেশে যাত্রা করেন। পথে জাগীরহাট, মিঠাপুকুর, শঠিবাড়ী ও বড়দরগাহ হয়ে তারা শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও কথা বলেন। এরপর পীরগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ডে এসে পথসভায় অংশ নেন তারা।
পথসভায় বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, “আমরা শহীদ আবু সাঈদের শাহাদাতের শহরে এসেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই সফর টেকনাফে গিয়ে শেষ করতে পারি।”
এ সময় তিনি তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান।
তিনি আরও বলেন, অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে শহীদ আবু সাঈদ জীবন দিয়েছেন। তারা দেশে আর এসব অন্যায়-অত্যাচার দেখতে চান না।
শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
পথসভার মধ্য দিয়ে পীরগঞ্জে দিনের কর্মসূচি শেষ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
The post শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে পীরগঞ্জে ইনকিলাব মঞ্চের পথসভা appeared first on Bangla Magazine News .
The full article is being collected. Available text is shown for now.