← globalread.info

Prothom Alo · · 0 views

Share this story

মুখের জড়তা কাটাতে নবী মুসার প্রার্থনা

Story illustration

মানুষের মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম কথা। কিন্তু অনেক সময় মনের মধ্যে গুছিয়ে রাখা কথাগুলো মুখে প্রকাশ করতে গিয়ে জড়তা তৈরি হয়।

এমন পরিস্থিতিতে আল্লাহর সাহায্য চেয়ে কোরআনে বর্ণিত নবী মুসার দোয়াটি পড়া যেতে পারে। এতে রয়েছে মানসিক প্রশান্তি, কাজের সহজতা, জিহ্বার জড়তা দূর হওয়া এবং বক্তব্য শ্রোতার বোধগম্য করার প্রার্থনা।

ফেরাউনের কাছে যাওয়ার আগে

আল্লাহ–তাআলা নবী মুসাকে ফেরাউনের কাছে যাওয়ার এবং তাঁকে আল্লাহর পথে আহ্বান করার নির্দেশ দেন। ফেরাউন ছিল অত্যন্ত ক্ষমতাধর শাসক। তার সামনে সত্যের দাওয়াত পৌঁছে দেওয়া ছিল কঠিন দায়িত্ব।

এ পরিস্থিতিতে মুসা (আ.) আল্লাহর কাছে নিজের কাজ সহজ করা এবং কথা বলার জড়তা দূর করার প্রার্থনা করেন। পবিত্র কোরআনে তাঁর সেই দোয়া বর্ণিত হয়েছে।

উচ্চারণ: ‘রাব্বিশরাহ লি সদরি। ওয়া ইয়াসসির লি আমরি। ওয়াহলুল উকদাতাম মিল লিসানি। ইয়াফকাহু কাওলি।’

অর্থ: ‘হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করে দিন। আমার কাজ সহজ করে দিন। আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে।’ (সুরা ত্বহা, আয়াত: ২৫–২৮)

দোয়াটির বিশেষ ৪টি তাৎপর্য

১. সাহস কামনা: দোয়ার শুরুতে মুসা (আ.) বলেন, ‘হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করে দিন।’

বক্ষ প্রশস্ত করার অর্থ হলো অন্তরকে প্রশস্ত ও প্রশান্ত করে দেওয়া, যাতে কঠিন দায়িত্ব পালনে সংকীর্ণতা ও অস্থিরতা বাধা হয়ে না দাঁড়ায়। মানুষের সামনে কথা বলতে গিয়ে অনেকেই উদ্বেগ, সংকোচ ও ভয়ের মুখোমুখি হন।

এ প্রার্থনা স্মরণ করিয়ে দেয়, কঠিন পরিস্থিতিতে মানসিক প্রশান্তি ও দৃঢ়তার জন্য আল্লাহর সাহায্য কামনা করা উচিত।

২. কাজ সহজ হওয়ার প্রার্থনা: এরপর মুসা (আ.) বলেন, ‘আমার কাজ সহজ করে দিন।’

মানুষের সামর্থ্য সীমিত, তাই আল্লাহর সাহায্য ছাড়া কোনো দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করা কঠিন। এ জন্য গুরুত্বপূর্ণ কোনো কাজের আগে আল্লাহর কাছে সহজতা চাওয়া মুমিনের জন্য সুন্দর শিক্ষা।

বক্তব্য প্রদান, পাঠদান কিংবা গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার আগেও এ প্রার্থনা করা যেতে পারে।

৩. জিবের জড়তা কাটানোর আবেদন: দোয়ার তৃতীয় অংশে মুসা (আ.) বলেন, ‘আমার জিহ্বার জড়তা দূর করে দিন।’

কথার জড়তা দূর করার আবেদনটি এখানে সরাসরি এসেছে। মানুষের মধ্যে মনের ভাব প্রকাশের ইচ্ছা থাকলেও অনেক সময় তা সাবলীলভাবে প্রকাশ করা সম্ভব হয় না।

এ দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে স্পষ্ট ও সাবলীলভাবে কথা বলার সক্ষমতা চাওয়া যায়।

৪. বক্তব্য বোধগম্য হওয়ার আকাঙ্ক্ষা: দোয়ার শেষাংশে মুসা (আ.) বলেন, ‘যাতে তারা আমার কথা বুঝতে পারে।’

অর্থাৎ উদ্দেশ্য শুধু কথা বলার সক্ষমতা অর্জন নয়, বরং বক্তব্য এমনভাবে উপস্থাপন করা, যাতে শ্রোতা তা বুঝতে পারেন।

একজন ধর্মপ্রচারকের জন্য এ শিক্ষা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সুন্দরভাবে কথা বলার প্রকৃত সার্থকতা তখনই, যখন বক্তব্যের মর্ম শ্রোতার কাছে স্পষ্ট হয়।

কথা বলতে গিয়ে আটকে যাওয়া, বক্তব্যের আগে অস্বস্তি অনুভব করা কিংবা মানুষের সামনে কথা বলার সময় সংকোচ তৈরি হলে এ দোয়া পড়া যেতে পারে।

নবী মুসা কেন এই দোয়া করেছিলেন

তাঁর দোয়ার পটভূমি বুঝতে সুরা শুআরার কয়েকটি আয়াত লক্ষ করা যায়। ফেরাউনের কাছে যাওয়ার নির্দেশ পেয়ে তিনি নিজের কয়েকটি সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।

তিনি বলেন, তাঁর বক্ষ সংকুচিত হয়ে আসে এবং জিহ্বা সাবলীলভাবে চলে না। তাই তিনি আশঙ্কা করেন, ফেরাউন তাঁকে অস্বীকার করতে পারে। এ কারণেই ভাই হারুনকে সহযোগী হিসেবে পাঠানোর আবেদন করেন। (সুরা শুআরা, আয়াত: ১৩)

মুসা তাঁর ভাই হারুনের বাকপটুতা সম্পর্কে অবগত ছিলেন। তাই তিনি তাঁকে নিজের সহযোগী হিসেবে পাঠানোর আবেদন করেন।

পবিত্র কোরআনে তাঁর বক্তব্য এসেছে, ‘আর আমার ভাই হারুন, সে আমার চেয়ে বেশি সাবলীলভাষী। সুতরাং তাকে আমার সঙ্গে সাহায্যকারী হিসেবে পাঠান, সে আমাকে সমর্থন করবে।’ (সুরা কাসাস, আয়াত: ৩৪)

এ ঘটনা থেকে বোঝা যায়, নিজের সীমাবদ্ধতা স্বীকার করে উপযুক্ত ব্যক্তির সহযোগিতা নেওয়া দুর্বলতা নয়, বরং বিচক্ষণতার পরিচয়।

দোয়ার পাশাপাশি অনুশীলন

কথা বলতে গিয়ে আটকে যাওয়া, বক্তব্যের আগে অস্বস্তি অনুভব করা কিংবা মানুষের সামনে কথা বলার সময় সংকোচ তৈরি হলে এ দোয়া পড়া যেতে পারে। শিক্ষকতা, বক্তৃতা, পরীক্ষা, সাক্ষাৎকার ও গুরুত্বপূর্ণ আলোচনার আগেও আল্লাহর সাহায্য চেয়ে দোয়াটি পড়া যায়।

কথার জড়তা যদি দীর্ঘস্থায়ী হয় কিংবা দৈনন্দিন জীবনে উল্লেখযোগ্য সমস্যা সৃষ্টি করে, তাহলে দোয়ার পাশাপাশি ধীরে ধীরে কথা বলার অনুশীলন, স্পষ্ট উচ্চারণের চর্চা এবং প্রয়োজনে স্পিচ থেরাপিস্টের সহায়তা নেওয়া যেতে পারে।

নাহিদা সুলতানা: আলেমা ও প্রাবন্ধিক

nahidasultana753375@gmail.com

The full article is being collected. Available text is shown for now.

Source: Prothom Alo ↗
Share this story

Ask globalread.info

AI news & website helper
What would you like to explore?

I can find stories, explain headlines, or help you use globalread.info.

AI can make mistakes. Check the linked sources. Questions are sent to OpenAI.